নীল পরি, ওগো দূরভাষী, সবুজ তোমার মন-পেলব পেয়ারা এক, রাতের পাতার ভেতর নিবিড় ছায়ার বনে নেচে নেচে বেড়ে ওঠা ভোরের বিভ্রম; সকাল তোমাকে দেখে, দুপুর আকাঙ্ক্ষা করে, বিকেল তোমাকে ডাকে-আরণ্যঅনাথ তুমি; তোমাকে বাঁচাতে পারে না শত শত গিটে - বাবামা, প্রেম ও পুরাণ, বাঁশও বেতের বেড়া, রোদবৃষ্টিছায়া ।
তোমার মঙ্গলমুখ বোঝে না পড়ে না বোশেখদুপুর, গনগনে রোদ- সংসার সহচর।
ভালোবেসে দূর নাফ নদী, অরণ্যকুটির কখনো পাঠায় যদি এক টুকরো নীলমেঘ- ডাকে যদি দ্বীপ সোনাদিয়া তুমি তাকে বোঝ না, তুমি তাকে চেনো না। না চেনার ভান করে বানভাসি হিয়া। তবুও বাদল নামে- জুড়ায় তোমার শরীর নিদাঘ প্রহরে; আচানক রাত নামে উড়ে আসে অচেনা বাদুড়; দাঁত ও নখের দাগ, আড়চোখে হাসে- আধখাওয়া পেয়ারা পড়ে পুরোন কাবিন।
হিয়া এক টিয়া পাখি- খাঁচায় বাঁচে না সে; সংসারে সঙ সেজে নাচে। ভালোবাসা এক ধ্রুব তারাফুল- বিনয়ে বিপন্ন জানি দ্রোহে দূরগামী।
২৮.০৮.২০১৩ ইং
চট্টগ্রাম।
